নিখোঁজের এক সপ্তাহ পর টেকনাফ খাল থেকে রোহিঙ্গা যুবতীর লাশ উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০

কক্সবাজারের টেকনাফের খাল থেকে সাজেদা আক্তার নামে এক রোহিঙ্গা যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সাজেদা আক্তার উখিয়ার কুতুপালং ৩ নম্বর ক্যাম্পে আজিম উল্লাহ'র মেয়ে।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়ন লেদা লামার পাড়া খাল থেকে এই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার এসআই সেকান্দর সাইম।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ রবিবার সন্ধ্যার দিকে লেদার লামারপাড়া একটি খাল থেকে ভাসমান অবস্থায় এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।মরদেহ সঙ্গে থাকা একটি পরিচয় পত্র থেকে জানা যায়, উদ্ধার যুবতী সাজেদা আক্তার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের।

সাজেদা আক্তারের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, গত এক সপ্তাহ আগে ক্যাম্পের ঘর থেকে বের হলে আর থাকে খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে খুন করা হয়েছে কিনা বা সে আত্মহত্যা করছে তা বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে বলে তিনি জানায়। 

ইত্তেফাক/এমএএম