গরুর ধর্ম কী? ভাবছেন, এ আবার কেমন প্রশ্ন। আপনি অবাক হলেও এই প্রশ্নেরই উত্তর পাওয়া গিয়েছে সম্প্রতি। উত্তর দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব। সাফ জানিয়ে দিয়েছেন, গরু হিন্দু ধর্মাবলম্বী। মৃত্যুর পর গরুর দেহ মাটিতে না পুঁতে শ্মশানে দাহ করা উচিত বলেও দাবি তাঁর। আর বিজেপি নেতার এই দাবিতেই উঠেছে হাসির রোল।
তিনি বলেন, ‘‘সাধারণত গরু মারা যাওয়ার পর মাটিতে তার দেহ পুঁতে দেওয়া হয়। মুসলমানদের কবর দেওয়ার সঙ্গে এই রীতির মিল রয়েছে। কিন্তু গরু হিন্দু ধর্মাবলম্বী। তাই তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য দেহ পুড়িয়ে দেওয়াই বাঞ্চনীয়। আমি আমাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলব, অবিলম্বে সরকারিভাবে এমন নির্দেশ জারি করুন। শুধু তাই নয়, আমি বলব গরুদের দাহ করার জন্য পৃথক শ্মশান তৈরি হোক। তাতে অবশ্যই থাকতে হবে বৈদ্যুতিন চুল্লিও।’’
আরও পড়ুনঃ শর্ত সাপেক্ষে নাগরিকত্ব পাবে রোহিঙ্গারা: মিয়ানমার
হিন্দুরা সাধারণত গরুকে দেবতা হিসাবে মানেন। উত্তরপ্রদেশের ক্ষেত্রে সে ছবি আরও প্রকট। গোরক্ষার তাগিদে বহু পন্থা অবলম্বন করেন ওই রাজ্যের বাসিন্দারা। গোরক্ষা করতে বহু হত্যাকাণ্ডও ঘটেছে এ রাজ্যে।
ইত্তেফাক/টিএস
