বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে গুম-খুন, অপহরণ করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে; এখন তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামী দল। কীভাবে স্বৈরাচারকে পুনর্বাসন করা যায়, সেই পাঁয়তারা করছে দলটি।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের উদ্যোগে এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, ১৭ বছর দেশের বাইরে থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বেগম জিয়া কারা নির্যাতনে ছিলেন। তবুও ঐক্যবদ্ধ বিএনপিকে বিনাশ করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনা। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে হলে ঐক্যের বিকল্প নেই। নারী ভোটারদের সুসংগঠিত করতে হলে আমাদের একটু পরিশ্রম করতে হবে। বিশেষ করে ইসলামী ওই দলের কথায় কান দেওয়া যাবে না।
পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
