বাবাকে দেওয়া কথা রাখতে ৬৯ বছর বয়সে করলেন পিএইচডি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৩:৪৫

সময়টা ১৯৯৯ সাল। বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলেন, জীবনে যত দিন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, তত দিন পড়াশোনা চালিয়ে যাবেন তিনি। সেই কথা রেখে মরিশাস থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানো নিদ্যানন্দ রায়া ৬৯ বছর বয়সে মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে সামাজিক নীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং তার নামের শুরুতে যুক্ত হয়েছে ‘ড.’। 

এই অর্জন কেমন লাগছে— এমন প্রশ্নের জবাবে নিদ্যানন্দের চটজলদি জবাব ছিল, ‘তেমন কিছুই না। এটা জীবনের একটা অর্জন মাত্র।’ বিবিসি রেডিও লন্ডনকে দেওয়া সাক্ষাৎকারে ড. নিদ্যানন্দ জানান, তিনি বেশ গরিব পরিবার থেকে এসেছেন; তার বাবা ছিলেন নাপিত এবং মা পরিচারিকার কাজ করতেন। মা-বাবার বেতন দেওয়ার সামর্থ্য না থাকায় তাকে স্কুল ছাড়তে হয়েছিল এবং তিনি বন থেকে কাঠ ও ফলমূল সংগ্রহ করতেন। তার মতে, ‘এসব কারণই আমাকে শৃঙ্খলাবোধ আর জ্ঞান অর্জনের পথে উদ্বুদ্ধ করেছিল।’

ড. নিদ্যানন্দ এখন লন্ডনের এনফিল্ডে বসবাস করেন। তিনি বলছিলেন, নিজ দেশে পড়াশোনার সুযোগ সীমিত থাকায় তিনি দেশ ছেড়ে এসেছিলেন। তিনি যুক্তরাজ্যকে ‘সুযোগের ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি এমন একটি জায়গা, যেখানে আপনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন।’ যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার জন্য মাঝের সময়টায় তাকে কঠিন সংগ্রাম করতে হয়েছে। 

স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সোয়ানসি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার প্রস্তাব পেলেও, সেখানে কাজের সুযোগ না থাকায় তা করতে পারেননি। দীর্ঘ সময় পরিবারের খরচ চালাতে তিনি স্কুলশিক্ষক স্ত্রী ল্যাকসোমিকে সহায়তা করতে পারেননি, বরং স্ত্রীই তখন পরিবারকে আর্থিকভাবে সহায়তা করেছেন। নিদ্যানন্দ বলেন, ‘তখন আমাকে চাকরি খুঁজে বের করতে হয়েছিল। আমাকে স্থায়ী হতে হয়েছিল। আমাকে সবকিছু করতে হয়েছিল। এখানে আসার পর আমি গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেছিলাম। পরে আমাকে একজন পরিচর্যাকারী হিসেবেও কাজ করতে হয়েছে।’

নিজের পিএইচডি গবেষণায় নিদ্যানন্দ মৌরিতানিয়ার ক্রেওলের ফরাসিভাষী সম্প্রদায়ের মানুষদের ঔপনিবেশিক–পরবর্তী অভিজ্ঞতার বিষয়ে পড়াশোনা করেছেন। মিডলসেক্স ইউনিভার্সিটির অধ্যাপক এলিনোর কফম্যানের তত্ত্বাবধানে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এই শিক্ষক বলেন, ‘আমি তার সাফল্যে রোমাঞ্চিত। আশা করব, তিনি তার উল্লেখযোগ্য গবেষণা চালিয়ে যাবেন।’ জীবনের উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে বলতে গিয়ে নিদ্যানন্দ কয়েক দশক আগে বাবাকে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করেন এবং বলেন, ‘আমি বাবাকে দেওয়া কথা রেখেছি। বাবা, আমি তোমাকে গর্বিত করেছি।’

সূত্র: বিবিসি রেডিও

ইত্তেফাক/টিএইচ