গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৩৬

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের পাশে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির শেষ দিকের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়।

ঘটনার পরপরই ট্রেন থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীদের মধ্যে কিছুক্ষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করেছে।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, “বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে, খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে জয়দেবপুর স্টেশনের কাছাকাছি একটি বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের কাজ শেষ না হওয়া পর্যন্ত ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।

ইত্তেফাক/এএম