নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ার টাকা আদায়কে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে সোমবারও একই বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবারের সংঘর্ষের পর খেয়াঘাট বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জাড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে নাদির (৩০) ও আলমগীর (৩২) নামে দুইজন টেঁটাবিদ্ধ হন এবং উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এতে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে তিনজন আহতের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
