রাজধানী ঢাকার বায়ুদূষণ সোমবার (১০ নভেম্বর) নতুন রেকর্ড ছুঁয়েছে। রোববার মৌসুমের সবচেয়ে বেশি দূষণের পর ২৪ ঘণ্টা না যেতেই আজ সেই রেকর্ড ভেঙেছে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার গড় বায়ুমান সূচক (AQI) ছিল ২৬১, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। গতকাল একই সময়ে এ সূচক ছিল ২০৯। বিশ্বের ১২৬টি দূষিত নগরীর মধ্যে আজ ঢাকার অবস্থান তৃতীয়।
বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ৫৭৭) এবং দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ৩১৩)।
রাজধানীর আটটি এলাকায় আজ বায়ুর মান খুবই খারাপ, এর মধ্যে মহাখালীর আইসিডিডিআরবি এলাকার অবস্থা ‘দুর্যোগপূর্ণ’। সেখানে বায়ুমান সূচক দাঁড়িয়েছে ৩১২—৩০০-এর ওপরে মানকে দুর্যোগপূর্ণ ধরা হয়।
ঢাকার অন্যান্য এলাকার বায়ুমান সূচক: দক্ষিণ পল্লবী– ২৮২; মিরপুর ইস্টার্ন হাউজিং– ২৭৯; বেচারাম দেউড়ি– ২৬৩; কল্যাণপুর– ২৬০; গুলশান বে’জ এজ ওয়াটার– ২৫৫; গোড়ান– ২৩৭; গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা– ২৩১
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা জায়গায় শরীরচর্চা বন্ধ রাখতে হবে এবং বাড়ির জানালা বন্ধ রাখতে হবে।
