কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ দুই জনের মত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত দু'জন হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।
যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলো, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব তৈয়ব।
একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করে। এ ঘটনায় রামু থানায় ডিবির পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগ পত্র দাখিল করার পর আদালত বিচার কার্যক্রম শুরু করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে খালাস, দুই জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন সাজা দিয়ে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।
পিপি আরও বলেন, বিচারকার্য চলাকালীন অভিযুক্ত পাঁচজনই নানাভাবে জামিন পান। এরপর থেকে চারজন পলাতক ছিল। রায় ঘোষণাকালে খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত থাকলেও অপর চারজন উপস্থিত ছিলেন না।
