কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর প্রগতি স্মরণী ক্যাম্পাসে ২৯ নভেম্বর ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফল-২০২৫ ট্রাইমেস্টার এবং সামার-২০২৫ বাই-সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এইচ. এম. জহিরুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান জনাব চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।
প্রধান অতিথির বক্তব্যে জনাব চৌধুরী জাফরউল্লাহ শারাফাত নবীন শিক্ষার্থীদের সিইউবি পরিবারে স্বাগত জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজের জীবন, সমাজ ও পরিবেশ সম্পর্কে জানতে হবে। নতুন যাত্রায় নতুন কিছু শেখার পাশাপাশি সৃজনশীলতা ও উদ্ভাবনে দক্ষ হতে হবে। নিজের উন্নয়নের পাশাপাশি পরিবার ও দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্বও তোমাদের।”
উপাচার্য প্রফেসর এইচ. এম. জহিরুল হক বলেন, “উন্নত ক্যারিয়ার গঠনে ভালোভাবে পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে পরিবার, দেশ ও বিশ্বের জন্য অবদান রাখার সক্ষমতা তৈরি করতে হবে। পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কেও এগিয়ে নিতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সিইউবি প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী-বান্ধব উন্নত পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ. এস. এম. সিরাজুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. কাজী আবু তাহের, জনস্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফজিতুন নেছা। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ইনচার্জ) জনাব এ. এস. এম. জি. ফারুক।
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান মিস বেনজীর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগের চেয়ারম্যান ড. সাইফুল হক, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান, শিপিং ও মেরিটাইম সায়েন্স বিভাগের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. নাসির উদ্দিন, আইন বিভাগের চেয়ারম্যান জনাব মো. সানজাদ শেখ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মিস রেজিনা সুলতানা, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

