রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় পূর্বঘোষিত ২৪ ডিসেম্বরের নির্বাচন স্থগিত করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহজামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়।
পুনঃতফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত ডোপ টেস্টের রিপোর্টসহ মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল করা হবে। এরপর ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ ডিসেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন জানায়, পুনঃতফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সেদিনই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
এ নিয়ে ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল তৃতীয়বারের মতো পরিবর্তন করল নির্বাচন কমিশন।
এর আগে গত ১ ডিসেম্বর নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয় ভোটার তালিকার ত্রুটির কারণে, যা হলভিত্তিক তালিকার অসংগতি এবং রেজিস্ট্রার দফতরের ত্রুটিপূর্ণ তথ্য সরবরাহের ফলে ঘটে। এই স্থগিত ঘোষণার পর শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে ক্ষোভ প্রকাশ করেন এবং নির্ধারিত তারিখে নির্বাচন না হলে আন্দোলনের হুমকি দেন।
নির্বাচন কমিশন জানিয়েছেন, ত্রুটিমুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে শিক্ষার্থীদের একাংশ বলছে, বারবার স্থগিতের ফলে ক্যাম্পাসে উত্তেজনা বাড়ছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যা ২০০৮ সাল থেকে অপেক্ষিত। গত নভেম্বরে প্রথম তফসিল ঘোষণা করা হয়, যেখানে ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর নির্ধারিত ছিল, কিন্তু আন্দোলনের মুখে পুনর্বিবেচনা করা হয়। নতুন তফসিল অনুসারে প্রক্রিয়া শুরু হলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনকে সতর্ক থাকতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

