৯ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫

টানা ৬ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে রয়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের। দিনের বেলা সর্বোচ্চ ২৬ থেকে ২৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকলেও, রাতের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির ঘরে উঠানামা করছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার।

তবে সকালে ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড করা হলেও সকাল থেকে দেখা মিলেছে সূর্যের। একই সঙ্গে ছড়াচ্ছে উষ্ণতা, এ সময়ে মানুষজনকে জেলার বিভিন্ন মোড় ও বাজারে গরম উষ্ণতা নিতে রোদে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, দিনভর উষ্ণ আবহাওয়া থাকলেও, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত হার কাঁপানো কনকনে শীত অনুভূত হচ্ছে। এ সময়টিতে গরম কাপড় ছাড়া থাকা কষ্টকর হয়ে যাচ্ছে।

জানা গেছে, শনিবার সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার ১০ দশমিক ৪ ডিগ্রি, মঙ্গলবার ১০ দশমিক ৪ ডিগ্রি, বুধবার ১০ দশমিক ৪ ডিগ্রি, বৃহস্পতিবার ৮ দশমিক ৪, শুক্রবার ৯ দশমিক ৩, শনিবার ৯ দশমিক ৩ ডিগ্রি, রোববার ৯ ডিগ্রি, সোমবার ৯ ডিগ্রি ও মঙ্গলবার ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে জানান, গত ৬ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই।

তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই দিনের তাপমাত্রা কমে আসবে, এতে রাতের পাশাপাশি দিন ভর শীত অনুভূত হবে।

ইত্তেফাক/এটিএন