স্পিডবোটে এসে টেকনাফের ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া দুটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া দিয়ে টেকনাফের ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন জেলে আহমেদ উল্লাহ।

ভুক্তভোগী জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়ার বাসিন্দা মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো. ইব্রাহীম (২১)।

জেলে আহমেদ উল্লাহ জানান, বৃহস্পতিবার সকালের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে জেলেদের ধাওয়া দেয় এবং তাদের মধ্যে ৯ জনকে আটক করে। আটক জেলেরা শাহপরীর দ্বীপের ডাঙরপাড়া এলাকার বাসিন্দা। সেই সঙ্গে ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা নিয়ে গেছে আরাকান আর্মি।

তিনি আরও জানান, সাগরে মাছ ধরার সময় অনেক ক্ষেত্রে কোনটি মিয়ানমারের জলসীমা আর কোনটি বাংলাদেশের- তা না জেনে জেলেরা অনেক সময় মিয়ানমার জলসীমায় চলে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সাগর থেকে ৯ জন জেলেকে আরাকান আর্মি নিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ঘটনাটি সার্বিকভাবে মনিটরিং করা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি