ছেলেধরা সন্দেহে পুলিশে সোপর্দ

মাজেদার ঠাঁই হলো সেফহোমে

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৬:৪০

ছেলেধরা সন্দেহে থানায় সোপর্দ করা মানসিক ভারসাম্যহীন নারী মাজেদার (৪০) পরিচয় না পেয়ে তাকে রাজশাহী সেফহোমে পাঠানো হয়েছে।  

জানা যায়, গত ৩১ জুলাই সন্ধ্যায় বগুড়া জেলার কাহালু উপজেলার পিলকুঞ্জ বাজার এলাকায় ওই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা কাহালু থানার পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। আটক নারী মানসিক রোগী বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়। তিনি  ময়মনসিংহ জেলার আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। আটকের সময় ওই নারী জানান, তার নাম মাজেদা, গ্রামের নাম বাগাডুবা। 

পুলিশ ওই ঠিকানায় যোগাযোগ করে কোনো আত্মীয়-স্বজনের খোঁজ পায়নি। পরে পুলিশ তাকে সেফহোমে পাঠানোর জন্য গত বৃহস্পতিবার কাহালু থানার আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানান। আদালত ওই নারীকে সেফহোমে পাঠানোর নির্দেশ দেন। 

আরও পড়ুন: রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৫

আদালতের আদেশ পেয়ে শুক্রবার সকালে কাহালু থানার পুলিশ মাজেদাকে নিয়ে রাজশাহী শহরের পাশে বায়ায় অবস্থিত মহিলা ও শিশু কিশোর নিরাপদ হেফাজত আবাসনে (সেফহোম) পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। 

কাহালু থানার পুলিশ আরও জানায়, ওই নারীর দেওয়া ঠিকানায় সংবাদ দেওয়ার পর সেখান থেকে কয়েকজন লোক এসে মাজেদাকে শনাক্ত করতে পারেনি। মাজেদাও তাদের চিনতে পারেনি। 

ইত্তেফাক/অনি