রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে আরসা কমান্ডার ‘লালু’ গ্রেপ্তার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৫

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার শীর্ষ কমান্ডার জাহিদ হোসেন ওরফে লালুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ফাইভ স্টার পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১ (ওয়েস্ট) সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, জাহিদ হোসেন ওরফে লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক ভয়ভীতি প্রদর্শন, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা এবং অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। আরসার একজন সক্রিয় কমান্ডার হিসেবে সে ক্যাম্পের বিভিন্ন ব্লকে অপরাধমূলক নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতেন। আরসার সাবেক প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে সংঘটিত একাধিক হত্যাকাণ্ড, সহিংসতা ও অস্ত্রের চালানের সঙ্গে লালুর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তার সহযোগী, অস্ত্র সরবরাহকারী এবং আরসার সক্রিয় সদস্যদের শনাক্ত করতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

উখিয়া থানার ওসি নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহিদ হোসেন ওরফে লালুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ইত্তেফাক/এপি