তুষারপাতের শহরে বসন্তের ডাক, টরন্টোতে কবিতা পাঠ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩

কানাডায় এখনো কনকনে শীত। তাপমাত্রা মাইনাসের ঘরে, চারদিকে তুষারের স্তর। তবু ঋতুচক্রের নিয়ম মেনে পহেলা ফাল্গুন এলে প্রবাসী বাঙালিরা বসন্তকে বরণ করতে ভোলেন না। রোববার টরন্টোয় ঘরোয়া আয়োজনে উদ্‌যাপিত হলো বসন্ত উৎসব।

কথাশিল্পী সালমা বাণীর বাসভবনে বসে আড্ডা, গান ও কবিতায় মুখর হয়ে ওঠে বিকেল। মন্ট্রিয়ল থেকে অনুষ্ঠানে যোগ দেন কবি ও চিত্রশিল্পী রাকীব হাসান এবং কথাশিল্পী নাহার মনিকা।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল, রাকীব হাসান, জাহানারা আখতার, নাহার মনিকা, দেলওয়ার এলাহী, তাসলিমা হাসান ও সৈয়দ ইমাম। বসন্ত, ভালোবাসা ও প্রবাসজীবনের অভিজ্ঞতা উঠে আসে তাদের পাঠে। আয়োজক সালমা বাণী তার উপন্যাস থেকে অংশবিশেষ পাঠ করেন। 

উপস্থিত অতিথিরা জানান, দূরদেশে এমন আয়োজন প্রবাসীদের সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করে এবং ঋতুভিত্তিক উৎসবগুলোকে জীবন্ত রাখে।

ইত্তেফাক/এএইচপি