ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর নতুন ভবন থেকে পড়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালের পুলিশ ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মৌসুমী আক্তার তারাকান্দা উপজেলা-র কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, সকালে মায়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। একপর্যায়ে নতুন ভবনের ৬ তলায় উঠে সেখান থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই ইউসুফ আলী জানান, প্রায় দেড় বছর ধরে তার বোন মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হলেও গত পাঁচ দিন ধরে আবারও অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তরুণী নিজে থেকেই পড়ে গিয়ে মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।
