জামায়াত কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার বিএনপির তিন নেতাকর্মী

আপডেট : ০২ মার্চ ২০২৬, ২২:০৮

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যা মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জীবননগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ১ মার্চ ও ২ মার্চ পৃথক অভিযানে তাঁদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান, তার বাবা বিএনপির কর্মী জসিম উদ্দিন এবং হাসাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, জসিম উদ্দিন ও আবদুস সালামকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২ মার্চ) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত শনিবার রাতে পূর্ববিরোধের জেরে হাসাদহ বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় জামায়াত নেতা হাফিজুর রহমানকে ঢাকায় নেওয়ার পথে মধ্যরাতে তিনি মারা যান।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামায়াতের নেতারা ঘটনাটিকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে দোষীদের মৃত্যুদণ্ড দাবি করেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কেউ যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য বিজিবির সহযোগিতাও চাওয়া হয়েছে।

ইত্তেফাক/এসএ