রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২১:৩৫

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টার ঘটনায় এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে নগরীর কুমারপাড়াস্থ গুলগফুর পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায় পাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় ধারণ করে গুল গফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসেন। বিষয়টি পাম্প কর্তৃপক্ষের নজরে আসলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর ৯২ (১) ধারায় জরিমানা এবং জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করে আদালত।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারণা ও অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এসজেএস