পাকিস্তান ক্রিকেট লিগে গতির ঝড় তুলেছেন বাংলাদেশি গতি তারকা নাহিদ রানা। তার গতিতে অসহায় হয়ে পড়েছিলেন করাচি কিংসের ব্যাটাররা। ৪ ওভারে একটি মেইডেনসহ মাত্র ৭ রান দিয়েছেন এই পেসার। নিয়েছেন ৩ উইকেট। আর এতেই পেশোয়ার জালমির বিরুদ্ধে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় করাচি কিংস। আর এতেই ১৫৯ রানের বড় ব্যবধানে জিতে যায় পেশোয়ার।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে পেশোয়ার জালমি ৩ উইকেটে তোলে ২৪৬ রানের বিশাল সংগ্রহ। শুরুতে দ্রুত উইকেট হারালেও বাবর আজম ও কুশল মেন্ডিস মিলে গড়েন ৯৭ বলে ১৯১ রানের দুর্দান্ত জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
কুশল মেন্ডিস ৫২ বলে ১০৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। অপরপ্রান্তে বাবর আজম ৫১ বলে অপরাজিত ৮৭ রান করেন।
শেষ দিকে আব্দুল সামাদ-এর ১২ বলে ৪০ রানের ঝড়ো ক্যামিও ইনিংসে পেশোয়ার জালমির স্কোর আরও বড় হয়। বাবর ও সামাদ মিলে শেষ দিকে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।
২৪৭ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে করাচি। মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় তাড়া। নাহিদ রানার ৩ উইকেটের পাশাপামি ১ উইকেট নেন বাংলাদেশি আরেক পেসার শরিফুল। পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম আর ইফতেখার নেন ৩টি করে উইকেট। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেশোয়ার। এছাড়া এখন পর্যন্ত পিএসএলের এই সিজনে একমাত্র অপরাজিত দল পেশোয়ার জালমি।

