ব্রাহ্মণবাড়িয়ায় আবৃত্তি অনুষ্ঠান ‘একুশ বাঁচে অবিরত’

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৫:৫১

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আবৃত্তি অনুষ্ঠান “একুশ বাঁচে অবিরত” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় তিতাস আবৃত্তি সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাস। সভাপতিত্ব করেন সংগঠনের অভিভাবক সদস্য এস. সি. তাপসী রায়, এবং সঞ্চালনায় ছিলেন অন্যতম সংগঠক আনিসুর রহমান।

একক আবৃত্তি পরিবেশন করেন উত্তম কুমার দাস, সুজন সরকার, রেজা এ. রাব্বি, আনিসুর রহমান, ফারদিয়া আশরাফি নাওমী, তাসফিয়া ইসলাম প্রমি, ফাহিমা সুলতানা, আকলিমা আকতার, সালমানুর রহমান দুর্জয়, অর্পা মিত্র ভৌমিক, আপন বিশ্বাস, ফারিহা আফরোজ জেসি, অর্পণ মিত্র ভৌমিক, ঝুম বিশ্বাস, সাবিহা বিনতে শামীম ও সামিহা বিনতে শামীম।

একক আবৃত্তি শেষে ভারতের ত্রিপুরা রাজ্যের কবি অনিল সরকারের লেখা কবিতা “একুশ বাঁচে অবিরত” বৃন্দ আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উত্তম কুমার দাস বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে প্রতিবছর আমরা ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাই। যে ভাষার জন্য বাঙালির সন্তানেরা রক্ত দিয়েছে, সেই বাংলার প্রমিত চর্চা করতেই আমরা কাজ করে যাচ্ছি।

সুজন সরকার বলেন, মহান ভাষা আন্দোলন, একুশে ফেব্রুয়ারি ও বাংলা ভাষার মাহাত্ম্য নিয়ে অসংখ্য কবিতা রচিত হয়েছে। আমরা সেই কবিতাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে নানা আয়োজন করি। একুশের আবৃত্তি তারই অংশ।

ইত্তেফাক/এএইচপি