ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতা জোরদারের লক্ষ্যে টেলিফোনে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দুই মন্ত্রীই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনায় আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁদের মতে, এই সংলাপের মাধ্যমে এমন একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে, যা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করবে, আঞ্চলিক উত্তেজনা কমাবে এবং চলমান সংঘাত নিরসনের পথ তৈরি করবে।
আলোচনায় বদর আবদেলাতি আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোর- বিশেষ করে আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর- নিরাপত্তা উদ্বেগ সমাধানের ওপর জোর দেন।
তথ্যসূত্র: আল–জাজিরা

