সারদা মামলায় শতাব্দীকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০৯:৫২

সারদা মামলায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য শতাব্দী রায়কে দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত শতাব্দীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

শুধু সারদা নয়, প্রথম দফায় সংসদ সদস্য থাকাকালীন শতাব্দী আরও বেশ কয়েকটি অর্থ লগ্নি সংস্থার সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তকারী অফিসাররা দাবি করেছে।

 

ইডির তদন্তকারীরা জানান, ২০১১ সাল থেকে ২০১৪ পর্যন্ত 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর' হিসেবে সারদার সঙ্গে চুক্তি হয়েছিল শতাব্দীর। ২০১১ থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ২১ দফায় সারদার কাছ থেকে ২৯ লাখ টাকা নিয়েছিলেন। ২০১৩-র ফেব্রুয়ারির পরে অবশ্য সারদা অর্থ লগ্নি সংস্থা বন্ধ হয়ে যায়।

 

শতাব্দীর ২০১২-১৩, ২০১৩-১৪ আর্থিক বছরের আয়কর রিটার্ন, ব্যাঙ্ক আমানত ও সম্পত্তির যাবতীয় নথিপত্র নেওয়া হয়েছে বলে জানান তদন্তকারীরা। ওই সব নথি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ফের তলব করা হবে শতাব্দীকে। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তিনি কী ভাবে সারদায় যোগ দিয়েছিলেন, সেই বিষয়েও এ দিন শতাব্দীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আরো পড়ুন : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান হচ্ছেন রাজ

ইডির দফতর থেকে বেরিয়ে শতাব্দী বলেন, 'তদন্তকারীরা আমাকে কয়েকটি নথি জমা দিতে বলেছিলেন। আমি তা দিয়েছি।’

 

তবে সারদা থেকে নেওয়া ২৯ লাখ টাকা ফেরত দেওয়ার বিষয়ে শতাব্দী ইডিকে কোনো চিঠি দেননি বলে জানান তার আইনজীবী বিপ্লব গোস্বামী।

 

পরে ইডি ফের তলব করলে তিনি আবার আসবেন এবং তদন্তে সহযোগিতা করবেন বলে জানান শতাব্দী।

 

ইত্তেফাক/ইউবি