রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। সাধারণ রোগীর ঠাঁই মিলছে ওয়ার্ডের বারান্দায়।
এ নিয়ে ১৯ জুলাই থেকে ৯ আগস্ট বেলা ১১টা পর্যন্ত ২২ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৫৬ জন রোগী ভর্তি হয়েছে। কয়েকজন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হাসপাতালে চিকিৎসাধীন সাতজন রোগীও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় হাসপাতালের পক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
সরেজমিনে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগের পাঁচটি ওয়ার্ডে এসব ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা ভর্তি রয়েছেন। মেডিসিন বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের ৫০ শয্যার পুরোটাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীতে ভরা। সেখানে স্থান সংকুলান না হওয়ায় মেঝেতেও থাকতে হচ্ছে রোগীদের। একই চিত্র দেখা গেছে মেডিসিন বিভাগের ১ নম্বর ওয়ার্ডে।
হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু জ্বর শনাক্তের জন্য উপকরণ কিট সংকট দেখা দেওয়ায় সরকারি হাসপাতালের বাইরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু জ্বরের পরীক্ষা বন্ধ রয়েছে। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সামান্য কিট সংগ্রহে থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু জ্বরের পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: বাগমারায় পল্লী বিদ্যুতের দুর্নীতির বলি রিয়াজ ও বিরেন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সুলতান আহমেদ সাংবাদিকদের বলেন, গত ২২ দিনের ব্যবধানে ২৫৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইত্তেফাক/অনি
