সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের

আপডেট : ১৮ জুন ২০২৬, ১৬:৫৭

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার হাড়ভাঙা সেতুর ঢালে আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরশৈলল্যা গ্রামের মৃত আব্দুস সামাদ মৃধার ছেলে হারুন মৃধা (৪৫) ও তার ছেলে সাদ (১৪)।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশের উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, সকালে হারুন তার ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে গালিমপুরের দিকে যাচ্ছিলেন। দুপুরে সেখান থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। এসময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি মো.আবু হানিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এপি