যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করলো ইরান

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৮:৫৩

লন্ডনে এক ইরানের সাংবাদিকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় ব্রিটেনের আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সরকার। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, ব্রিটিশ কর্মকর্তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। সেখানে ইরানের জনগণের প্রতি যুক্তরাজ্য সরকারের অনুচিত আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে লন্ডনে নিজ বাসার সামনে ফারসি ভাষার টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালের উপস্থাপক পুরিয়া জেরাতির ওপর ছুরি হামলার ঘটনায় দুই রোমানিয়ান নাগরিককে যথাক্রমে ১২ ও ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, হামলাটি ইরান সরকারের নির্দেশেই হয়েছে বলে শক্ত প্রমাণ পাওয়া গেছে। এরপর যুক্তরাজ্যের নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল এই হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেন, এই শাসনব্যবস্থাকে জবাবদিহির আওতায় আনতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

ইরানের পক্ষ থেকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে জানানো হয়েছে, যুক্তরাজ্য এখনো এমন কিছু সন্ত্রাসী চ্যানেলকে আশ্রয় দিয়ে যাচ্ছে যেগুলো বর্ণবাদী ও ভুয়া ইসরায়েলি শাসনব্যবস্থার অর্থায়নে পরিচালিত হয় এবং সহিংসতা ও সন্ত্রাসবাদে উসকানি দেয়। ইরানের মতে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সন্ত্রাসবাদে সহায়তা না করার বাধ্যবাধকতা লঙ্ঘন করে। তাই এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা উচিত।

ইত্তেফাক/এবিএস