বাংলাদেশ দূতাবাস কোপেনহেগেন যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
সকালে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত দূতাবাস চত্বরে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিকেলে দূতাবাস মিলনায়তনে দিনটি উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ নিহত শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে দূতাবাসের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান কর্মজীবনের উপর নির্মিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে জাতীয় শোক দিবস পালন
প্রবাসী বাংলাদেশীরা এ আলোচনা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দূতাবাসের আয়োজনে উপস্থিত অতিথিদের তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইত্তেফাক/ইউবি
