আসামের রাজস্ব মন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। বৃহস্পতিবার (২৩ জুলাই) গুয়াহাটির চাচলে শিক্ষার্থীদের এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি স্লোগান দিয়েছেন। এ ঘটনায় ক্ষমতাসীন জোট সরকারের মধ্যে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা এই বিক্ষোভের আয়োজন করে। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দিবিসা মহন্ত শিক্ষার্থীদের সঙ্গে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন। এ সময় তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সোচ্চার হন।
দিবিসা মহন্তের এই অবস্থান রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। তার বাবা কেশব মহন্ত অসম গণ পরিষদের (এজিপি) অন্যতম শীর্ষ নেতা। এজিপি বর্তমানে আসামে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দল। ২০১৬ সাল থেকেই কেশব মহন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। জোট সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীর মেয়ে হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমন প্রতিবাদে নামার ফলে ক্ষমতাসীন মহলে অস্বস্তি তৈরি হয়েছে।
ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, এটি শিক্ষার্থীদের স্বাভাবিক প্রতিবাদ। তাদের দাবি ও যুক্তিকে সম্মান জানানো হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে তিনি আসামের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, রাজ্য এখন প্রাকৃতিক দুর্যোগের কঠিন সময় পার করছে। এ মুহূর্তে সবার নজর যেন বন্যা মোকাবিলার দিকেই থাকে।
পুলিশ জানিয়েছে, প্রতিবাদ সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। চাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ানো নিয়ে আসামের রাজনীতিতে আলোচনা এখনো চলছে।
সূত্র: এনডিটিভি

