খুলনায় সহপাঠীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেফতার

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:৩৫

খুলনা অফিস

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এক ছাত্রীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে শিঞ্জন রায় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর বয়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শিঞ্জন রায়ও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে।

ধর্ষণের শিকার ঐ ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। নগরীর সোনাডাঙ্গায় ভাড়া বাসায় থেকে তিনি পড়াশোনা করতেন। দীর্ঘ এক বছরের সম্পর্ক থাকলেও শিঞ্জন তাকে বিয়ে না করে গত বুধবার অন্য মেয়েকে বিয়ে করায় ঐ ছাত্রী তার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ আনেন। শুক্রবার সকালে ঐ ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।