আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ‘খালেদা জিয়া প্রত্যেকদিন জন্মদিন বদলান। আজ যদি ওনি জন্মদিন পালন করেন তাহলে তো এটা ৭৫তম জন্মদিন হবে না, এটা হবে প্রথম জন্মদিন। আর ওনার এ রকম প্রথম জন্মদিন যে কত আছে তা আল্লাহ জানে।’ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ১৫ আগস্টের বদলে ১৬ আগস্ট জন্মদিন পালন করছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর দুই খুনির এক জন আমেরিকায় আরেক জন কানাডায় আছেন। আমেরিকায় যিনি আছেন তাকে দেশে ফিরিয়ে আনা হবে। কানাডায় যিনি আছেন তাকে ফিরিয়ে আনতে আইনি প্রচেষ্টা চালানো হচ্ছে। বাকি চার জন কে কোথায় আছেন তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। আমি বলতে চাই, বঙ্গবন্ধুর খুনিরা যে যেখানেই থাকুক তাদের দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।
