১১ শিক্ষকের ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১১:২০

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউ পাস করেনি। ১১ জন শিক্ষক ও প্রায় ২০০ শিক্ষার্থীর এ বিদ্যালয়ের এমন ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিদ্যালয়টি থেকে পাঁচজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই অকৃতকার্য হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মদাতী ইউনিয়নে নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৯৯৯ সালে এএম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০১১ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার পর প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়। ২০২৩ সালে বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়।

বর্তমানে বিদ্যালয়ে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানে শিক্ষক রয়েছেন ১১ জন। এর মধ্যে সাতজন এমপিওভুক্ত এবং চারজন নন-এমপিও শিক্ষক। চারটি পদও শূন্য রয়েছে।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিপ্লব মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তিনি ইউনিয়ন পরিষদের কাজে ব্যস্ত থাকায় শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদানেও শৃঙ্খলা নেই বলে অভিযোগ তাদের।

তবে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিপ্লব বলেন, নিম্ন মাধ্যমিক শাখার শিক্ষকরা বেতন পেলেও উচ্চ বিদ্যালয় শাখা এখনও এমপিওভুক্ত হয়নি। ফলে ওই শাখার শিক্ষকরা বেতন-ভাতা না পেয়ে আগ্রহ হারিয়েছেন। পাশাপাশি শিক্ষক সংকটও রয়েছে। এসব কারণে এ বছর পাঁচজন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ পাস করতে পারেনি।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম বলেন, বিদ্যালয়টির ফলাফল বিপর্যয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে। শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/আইএ