স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। অন্য যেকোনো স্বাভাবিক মানুষের সম্পর্কের মতো দাম্পত্য জীবনেও মতভেদ আসতে পারে। তবে এই মতবিরোধগুলো যদি ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও প্রজ্ঞার মাধ্যমে সমাধান করা যায়, তবে দাম্পত্য জীবন স্থায়ী ও আনন্দময় হয়ে ওঠে। একই সঙ্গে এর একটি ইতিবাচক প্রভাব সন্তানদের ওপরেও পড়ে।
অন্যদিকে, সমস্যাগুলো সঠিকভাবে সমাধান না করা হলে ছোটখাটো বিষয়ও রূপ নিতে পারে বড় অশান্তিতে; যা পরবর্তীতে বিচ্ছেদের মতো অপ্রীতিকর পরিণতি ডেকে আনতে পারে। নিচে দাম্পত্য জীবনের কলহ এড়িয়ে সুখের সংসার গড়ার কয়েকটি মূল দিক তুলে ধরা হলো:
১. নিখুঁত সঙ্গী পাওয়ার আশা না করা
পৃথিবীর কোনো মানুষই নিখুঁত বা পরিপূর্ণ নয়। সঙ্গী হিসেবে স্ত্রী চরিত্র, স্বভাব, ধর্মীয় বিধিবিধান পালন কিংবা গৃহস্থালির প্রতিটি কাজে নিখুঁত হবেন—এমনটা আশা করা একেবারেই অবাস্তব। তাই জীবনসঙ্গীর কিছু বিষয়ে ভুলত্রুটি বা অপছন্দনীয় দিক থাকবে, এটি মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।
এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে সম্পূর্ণ অপছন্দ না করে। যদি তার একটি স্বভাব অপছন্দ হয়, তবে অন্য একটি স্বভাব অবশ্যই তার ভালো লাগবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৪৬৯)
২. কল্পিত ছাঁচে বদলানোর চেষ্টা পরিহার
দাম্পত্য সম্পর্কের বড় বাধা হলো সঙ্গীর মাঝে কেবল ত্রুটি খোঁজা এবং তাকে নিজের ইচ্ছামতো পুরোপুরি বদলে ফেলার চেষ্টা করা। একজন নারী সম্পূর্ণ ভিন্ন পরিবার, পরিবেশ ও সংস্কৃতিতে বড় হয়ে ওঠেন। তাঁর নিজস্ব শিক্ষা, মূল্যবোধ ও অভিজ্ঞতা থাকে। তাই তাঁকে রাতারাতি সম্পূর্ণ পরিবর্তন করার চেষ্টা করা অলীক ও বাস্তবসম্মত নয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি তুমি তাকে পুরোপুরি সোজা করতে চাও, তবে তাকে ভেঙে ফেলবে; আর তার ভেঙে যাওয়া হলো তালাক।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৩৩১)
৩. সঙ্গীর শারীরিক ও মানসিক অবস্থার প্রতি সংবেদনশীলতা
নারীদের জীবনে শারীরিক ও মানসিকভাবে কিছু সংবেদনশীল সময় আসে; যেমন—মাসিক, গর্ভাবস্থা, সন্তান প্রতিপালনের চাপ, অসুস্থতা বা পারিবারিক দুশ্চিন্তা। এসব পরিস্থিতি নারীর মেজাজ ও মানসিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে। এ সময়গুলোতে স্বামীর পক্ষ থেকে সহানুভূতি ও ধৈর্যশীল আচরণ প্রদর্শন করা অত্যন্ত জরুরি।
৪. রাগের মাথায় চরম সিদ্ধান্ত না নেওয়া
ক্রোধের মুহূর্তে মানুষ সঠিক চিন্তাশক্তি হারিয়ে ফেলে। রাগের মাথায় গৃহীত সিদ্ধান্তে অহংকার ও আবেগের প্রভাব বেশি থাকে। তাই তালাক বা বিচ্ছেদের মতো যেকোনো বড় ও চূড়ান্ত সিদ্ধান্ত মেজাজ ঠাণ্ডা থাকার সময় নেওয়া উচিত।
৫. ব্যক্তিগত পরিসরের প্রতি শ্রদ্ধা জানানো
বিয়ে মানেই একজনের জীবনের সব বিষয় অন্যজনকে জোরপূর্বক প্রকাশ করতে হবে—এমনটি নয়। প্রতিটি মানুষেরই কিছু ব্যক্তিগত অনুভূতি, সম্পর্কের সমীকরণ বা গোপনীয়তা থাকে। এগুলো অযথা জানার চেষ্টা করা বা সন্দেহ করা অনুচিত। কোনো তথ্য গোপন রাখা মানেই তা অপরাধমূলক—এমন ভাবনার পরিবর্তন দরকার।
৬. দাম্পত্যের শুরুতে ধৈর্য ধারণ করা
নুতন বিবাহিত জীবনে নানা ধরনের মানসিক ও সামাজিক সামঞ্জস্যহীনতা দেখা দেওয়া স্বাভাবিক। এ সময় নিকটাত্মীয় বা বন্ধুবান্ধবের ভুল পরামর্শে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ‘শুরুতেই ছাড় দিলে সবসময় ছাড় দিতে হবে’—এই ধরনের নেতিবাচক মানসিকতা বাদ দিয়ে ধৈর্য ও ভালোবাসার পরিচয় দেওয়া আবশ্যক।
৭. পারিবারিক বিষয়ে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কমানো
ছোটখাটো দাম্পত্য কোন্দল পরিবার বা বাইরের মানুষের কাছে নিয়ে গেলে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। ইসলামে প্রথমত স্বামী-স্ত্রীর নিজেদের ভেতরেই সমস্যা সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পরিস্থিতি জটিল হলে কেবল তখনই উভয় পক্ষের অভিভাবক বা বিচক্ষণ প্রতিনিধি নিয়ে বসার পরামর্শ রয়েছে। (সুরা নিসা, আয়াত: ৩৪-৩৫)
৮. ধৈর্যের চর্চা বজায় রাখা
দাম্পত্যের যেকোনো ঝড়-ঝাপটা মোকাবেলার প্রধান হাতিয়ার হলো ধৈর্য। সঠিক আচরণ ও ধৈর্যের মাধ্যমে অনেক বড় শত্রুতাকেও বন্ধুত্বে রূপান্তর করা সম্ভব। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘সৎ কাজ ও অসৎ কাজ সমান নয়। তুমি মন্দকে উত্তম আচরণের মাধ্যমে প্রতিহত করো। তখন যার সঙ্গে তোমার শত্রুতা ছিল, সে যেন অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। আর এই গুণ কেবল তারাই লাভ করে, যারা ধৈর্যশীল এবং যারা মহান সৌভাগ্যের অধিকারী।’ (সুরা ফুসসিলাত, আয়াত: ৩৪-৩৫)

