বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে কাঠের নৌকা নিয়ে ভ্রমণ করছিলেন নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য। এসময় কাঠের নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় বিপদাপন্ন নিউজিল্যান্ডের ওই পরিবারের চারজনের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে পরিবারের এক সন্তান।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ৯টার দিকে চ্যানেলের নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় নিজস্ব তৈরি এ বোট ডুবির ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, বোট ডুবির ঘটনায় দূর্ভোগে পড়া নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬), রালফ (১৩) ও আলবার্ট (১৬)। এদের মধ্যে প্রথম তিনজনকে জীবিত উদ্ধার সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছে আলবার্ট। তাকে উদ্ধারে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শাপলা ও দ্রুতগামী বোট।
ওসি মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সকালের কোন এক সময় কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকা দিয়ে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড তার পরিবারের চারজনকে নিয়ে নিজস্ব তৈরী জোড়া বোটে সাগরে ভ্রমণে নামেন। বেলা অনুমান সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়াদ্বীপ মোহনায় তাদের বহনকরা বোটটি দুর্ঘটনাবশত ডুবে যায়। এটি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা এগিয়ে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে এডওয়ার্ড, বেলা এবং রালফকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড কক্সবাজারের কাছে হস্তান্তর করেন বলে জানতে পারি। কিন্তু এসময় তাদের সদস্য আলবার্ট নিখোঁজ হয়ে যান।
এসময় খবর পেয়ে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তবে, সন্ধ্যা ৬টার দিকেও নিখোঁজকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
অন্যদিকে কোস্টগার্ডের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, কক্সবাজারের নাজিরাটেক মোহনায় নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যের মধ্যে ৩জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুটির অনুসন্ধান ও উদ্ধারে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শাপলা ও দ্রুতগামী বোট।

