রোগী নিয়ে দুর্ঘটনার কবলে বেপরোয়া অ্যাম্বুলেন্স, চালক পলাতক

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২০:৫৯

বরিশালের বাবুগঞ্জে একটি অ্যাম্বুলেন্স ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বরিশাল থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে থাকা আহতদের উদ্ধারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন। এ সময় মহাসড়ক দিয়ে বরিশালের দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়। পরে আহত চারজনকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন বেলায়েত হোসেন বলেন, ‘আমার অসুস্থ আম্মাকে চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে আমাদের অ্যাম্বুলেন্সের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। দ্রুতগতিতে স্পিড ব্রেকারে ধাক্কা দেওয়ার পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমার আম্মা ও আমার বোন গুরুতর আহত হয়েছেন। আমিও বুকের ওপর প্রচণ্ড ব্যথা পেয়েছি।’

প্রাইভেটকারের চালক মুস্তাকিম বলেন, আমি ঢাকা থেকে বরিশালের রূপাতলীর উদ্দেশ্যে যাচ্ছিলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়ির সামনে এসে ধাক্কা দেয়।

স্থানীয়রা জানান, সংঘর্ষের বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় ও তাদের চিকিৎসার বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গৌরনদী মহাসড়ক থানার এসআই মাইনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়েছে। অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি