টাঙ্গাইলের ভূঞাপুরে পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় স্থানীয়দের হাতে আটকের ঘটনায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মোহাম্মদ সোহেলকে ওএসডি করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন যুগ্মসচিব সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। বদলি ও পদায়ন করা কর্মকর্তাকে তিন দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় নির্ধারিত সময় শেষে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
এর আগে গত বুধবার মধ্যরাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পিকআপে করে সরকারি ওষুধ ভূঞাপুরের যমুনা নদীতে ফেলার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে স্থানীয়রা পিকআপের চালককে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওষুধসহ গাড়িটি থানায় নিয়ে যায়।
ঘটনার পর বৃহস্পতিবার দিবাগত রাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মোহাম্মদ সোহেল বাদী হয়ে মামলা করেন।
তবে ওই মামলায় ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের আড়াল করে শুধু পিকআপচালক আজমতের বিরুদ্ধে চুরির মামলা করা হয়েছে—এমন অভিযোগ ওঠে। পরে শুক্রবার আদালতের মাধ্যমে আজমতকে কারাগারে পাঠানো হয়।
চালকের বিরুদ্ধে মামলা হলেও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল খাদ্যগুদামের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
এর ধারাবাহিকতায় শনিবার সরকারি ওষুধের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও এবং সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা প্রথমে হাসপাতাল ও থানা ঘেরাও করেন। পরে মিছিল নিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কলেজ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পুলিশের আশ্বাসে পরে অবরোধ তুলে নেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ওএসডি করা হলেও এতে পুরোপুরি সন্তুষ্ট নন স্থানীয়রা। তাদের অভিযোগ, সরকারি ওষুধ যমুনায় ফেলার ঘটনায় শুধু একজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয়। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তদন্ত করে তাদের পরিচয় প্রকাশ এবং সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

