রংপুরে এনডিএফ সপ্তম বিভাগীয় বিতর্ক উৎসব

যুক্তির জোর দরকার, জোরের যুক্তি নয়: এ. কে. এম শোয়েব

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

এনডিএফের চেয়ারম্যান এ.কে.এম শোয়েব বলেছেন, আমরা মনে করি যুক্তিবাদী সমাজ বিনির্মাণ হলে আমাদের অপসংস্কৃতি, ধর্মান্ধতা, কুসংস্কার দূর হবে। যুক্তির জোর দরকার, জোরের যুক্তি নয়। এ লক্ষ্যে ন্যাশনাল ডিবেট ফোরাম বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ‘উত্তরের সমীরণে যুক্তির আলো’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে সপ্তম বিভাগীয় বিতর্ক উৎসবে বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ আহসানুল কবির বলেন, রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসে বিতর্ক, শুদ্ধ উচ্চারণসহ বিতর্কের নানা বিষয় শিখছে। এটি শিক্ষার্থীদের সাহসী করে তুলবে। যেখানে জ্ঞান সীমা-পরিসীমা রাখে না, বিতর্ক সংজ্ঞায়নে আমরা মনে করি এটি মানুষের জীবনে অনন্য অবদান রাখে।

রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ন্যাশনাল ডিবেট ফেডারেশন-এনডিএফের চেয়ারম্যান এ কে এম শোয়েবের উৎসবের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ আহসানুল কবির।

বিতর্ক নিয়ে দিনব্যাপী আয়োজনে বিভাগের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক ফরম্যাটে বিতর্ক, সংসদীয় বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক, ওয়ার্ল্ড ফরম্যাট, এআই ও বিতর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া উৎসবে বারোয়ারী বিতর্ক, কুইজ, পাবলিক স্পিকিং ও প্রদর্শনী বিতর্কর আয়োজন ছিল। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলে। বাংলা সংসদীয় বিতর্ক বিষয়ক অধিবেশনে বিতর্কের কাঠামো, নিয়ম, যুক্তি নির্মাণ ও কৌশল শেখানো হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপের বিতার্কিক শাইয়ান সাদিক ইশতি, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাসচিব আশিকুর রহমান আকাশ, পাবলিক স্পিকিং প্রশিক্ষক ইঞ্জিনিয়ার ফারসিমা রিয়াসাত এবং রংপুরের আবৃত্তিকার কাজল রায়।

আয়োজনের আহ্বায়ক জয় লালা বলেন, এই আয়োজনের মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা দেশের অভিজ্ঞ বিতার্কিক ও প্রশিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ পাবে। একই সঙ্গে তাদের যুক্তিবোধ, নেতৃত্ব,সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশের একটি কার্যকর ক্ষেত্র তৈরি হবে।

এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই, বাংলা নিউজ টোয়েন্টিফোর, যায়যায়দিন ও সভ্যতা টিভি।

বিতর্ক নিয়ে দিনব্যাপী আয়োজনে বিভাগের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের  শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি পাবলিক স্পিকিং প্রথম ইয়াশা আয়মান (সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক), দ্বিতীয় ওথোই (ব্লু স্টার) ও তৃতীয় হন নাজিবা (সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক)।

বারোয়ারি স্কুল স্তরে প্রথম হন তাসনিম (মটুকপুর স্কুল অ্যান্ড কলেজ), দ্বিতীয় সন্দ্বীপ (সৈয়দপুর ক্যান্ট পাবলিক) এবং তৃতীয় হন নুসরাত (আকেফ আবাসিক)।

বারোয়ারি কলেজ স্তরে প্রথম হন রাজ বাইদ্দা (মটোকপুর স্কুল অ্যান্ড কলেজ), দ্বিতীয় মিশকাত জামান (লালমনিরহাট পাবলিক) জয়লাভ করেন।

ইংরেজি বিচারক প্যানেলে ফারসিম রিয়াসাত, মো. শিয়ান সাদিক, শিহাব, বাংলা বারোয়ারের বিতর্কে বিচারকমন্ডলী যথাক্রমে। ফিরোজ কবির, অধ্যাপক উমর ফারুক, নিয়াজ, মানিক ও অধ্যাপক শাহ আলম ছিলেন।

ইত্তেফাক/এপি