নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগী খামারিদের জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১

“মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারিপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় আজ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগী খামারিদের আর্থসামাজিক উন্নয়ন ও প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক আয়োজনে বাস্তবায়িত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিয়তপুর জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু বক্কর সিদ্দিক। আর উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশের নদীবিধৌত চরাঞ্চলের জনগোষ্ঠীর একটি বড় অংশ জীবিকা নির্বাহের জন্য কৃষি ও প্রাণিসম্পদের ওপর নির্ভরশীল। তবে এসব এলাকায় উন্নত জাতের প্রাণী, প্রয়োজনীয় উপকরণ, খাদ্য, চিকিৎসা ও প্রযুক্তিগত সহায়তার সীমাবদ্ধতা রয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে এসব সীমাবদ্ধতা দূর করে চরাঞ্চলের মানুষের আয় ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানো সম্ভব। উপকারভোগী খামারিদের মাঝে বিতরণকৃত এসব ছাগল অত্র এলাকার মানুষের আত্মকর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান ও আর্থ-সামাজিক অবস্থার সার্বিক উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে ৭২টি সুফলভোগী খামারি পরিবারের মাঝে ০২ টি করে ছাগী হিসেবে ১৪৪ টি ছাগী বিতরণ করা হয়। এসময় রোগমুক্ত, স্বাস্থ্যবান ও সঠিক ওজনের ছাগল খামারিদের মাঝে বিতরণ করায় প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি সুফলভোগী খামারিরাও এসময় স্বাস্থ্যবান ছাগল পেয়ে আনন্দিত হন। বিতরণকৃত ছাগল সরবরাহ করে সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স তুষার এন্টারপ্রাইজ।

অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত সুফলভোগী খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছাগল বিতরণের মাধ্যমে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ইত্তেফাক/এএম