সন্তানের কাছে বাবার পরিচয় বা পেশা কখনোই তার ভালোবাসার চেয়ে বড় নয়। বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে এমনই এক হৃদয়স্পর্শী দৃশ্যের দেখা মিলেছে। চুরির অভিযোগে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দিয়েছে তার ছোট্ট মেয়ে। বাবা-মেয়ের এই আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টা করার সময় স্থানীয় জনতার হাতে আটক হন অনিক সরদার নামের এক যুবক। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
বাবাকে আটকে রাখার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের ছোট্ট মেয়ে। সারারাত অনাহারে থাকা বাবার জন্য সে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে।
এরপর খুঁটির সঙ্গে বাঁধা বাবার সামনে গিয়ে নিজের হাতে রুটি ও চা তুলে দেয় মেয়েটি। মেয়ের এমন ভালোবাসায় তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত। এ সময় আশপাশে থাকা লোকজনের উপস্থিতিতে স্থানীয় এক যুবক বাবা-মেয়ের সেই দৃশ্যটি ভিডিও করেন।
পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্যে অনেকে বলেন, বাবার পেশা, পরিচয় কিংবা পরিস্থিতি কোনো কিছুই সন্তানের ভালোবাসাকে বদলে দিতে পারে না। সন্তানের কাছে বাবা সবসময়ই বাবা।
