বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হলো গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের মধ্যকার যৌথ ক্রীড়া উৎসব। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, লন টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজনের প্যাডেল টেনিস ইভেন্টে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চট্টগ্রাম ক্লাবকে ১১-১ ব্যবধানে পরাজিত করে গুলশান ক্লাব। অন্যদিকে, ফুটসাল কোর্টে অনুষ্ঠিত দুই দলের মধ্যকার ফুটবল ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ১-১ গোলে ড্র হয়। ম্যাচে গুলশান ক্লাবের হয়ে ইশমাম এবং চট্টগ্রাম ক্লাবের পক্ষে সাগর একটি করে গোল করেন। তবে বৃষ্টির কারণে নির্ধারিত ক্রিকেট ম্যাচটি মাঠে না গড়ানোয় তা ড্র হিসেবে নিষ্পত্তি হয়।

একই সময়ে একাধিক কোর্টে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হওয়ায় পুরো আয়োজনজুড়ে খেলোয়াড়দের মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি গভীর ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির চিত্র ফুটে ওঠে। একই সঙ্গে আধুনিক সুবিধাসম্পন্ন বসুন্ধরা স্পোর্টস সিটিতে যুগপৎ একাধিক খেলার সুষ্ঠু আয়োজন বিভিন্ন ক্লাব ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য বৃহৎ ক্রীড়া উৎসব আয়োজনের নতুন সম্ভাবনাকে তুলে ধরেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে সুস্থ ও প্রাণবন্ত ক্রীড়াচর্চা উৎসাহিত করতে ভবিষ্যতেও বিভিন্ন ক্লাব, পেশাদার প্রতিষ্ঠান এবং সাধারণ ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে নিয়মিতভাবে এ ধরনের বহুমাত্রিক ক্রীড়া আসর আয়োজন অব্যাহত রাখবে বসুন্ধরা স্পোর্টস সিটি।

ইত্তেফাক/এনএন