পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০০:২২

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। এটি ছিল অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে চলমান অভিযানের চতুর্থ দিন।

অভিযান চলাকালে পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের বিভিন্ন স্থানে স্থাপিত রাজউকের অনুমোদনবিহীন মোট ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সড়কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি অনুমোদনহীন বিলবোর্ডের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরসহ গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ একটি প্রতিনিধি দল অভিযানে অংশ নেয়।

 
ইত্তেফাক/এমএস