রান বাংলাদেশের আয়োজনে হাতিরঝিলে ‘স্প্রিন্ট ঢাকা মুভ ২০২৬’

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৪:৫৯

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে দৌড় প্রতিযোগিতা ‘স্প্রিন্ট ঢাকা মুভ ২০২৬’। ‘রান অ্যান্ড কানেক্ট’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ৪ দশমিক ৬ মাইল ও ৯ দশমিক ৩ মাইল দূরত্বে নারী ও পুরুষ বিভাগে রানাররা অংশ নেন।

শুক্রবার (২ অক্টোবর) রান বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দৌড়ের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, নতুন সম্পর্ক গড়ে তোলা এবং একটি সক্রিয় রানিং কমিউনিটি তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিযোগিতার ৪ দশমিক ৬ মাইল পুরুষ বিভাগে ২৭ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন মো. হানিফ হোসেন। একই দূরত্বের নারী বিভাগে ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে প্রথম হন মৌনতা আলম।

৯ দশমিক ৩ মাইল পুরুষ বিভাগে ৫৪ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জেতেন রায়হান হোসেন। নারী বিভাগে ১ ঘণ্টা ২৭ মিনিট ৪৯ সেকেন্ডে প্রথম হন সুইটি কবির।

প্রতিযোগিতা শেষে দুই দূরত্বের নারী ও পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন থেকে পঞ্চম স্থান অর্জনকারী মোট ২০ জন রানারকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া রানারদের নির্ধারিত সময়ে দৌড় শেষ করতে সহায়তা করা পেসারদের সম্মাননা দেওয়া হয়।

আয়োজনে সহযোগিতার জন্য অংশীদার প্রতিষ্ঠানগুলোকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ মাইন উদ্দিন, বিডিট্রাইয়ের ট্রায়াথলেট ইমতিয়াজ ইলাহী, আবুল খায়ের গ্রুপের গ্রুপ হেড অব সেলস এক্সেলেন্স সুবেহ খান এবং রান বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মরিয়ম তাবাসসুম।

আয়োজকরা জানান, ‘স্প্রিন্ট ঢাকা মুভ’ আয়োজনের মাধ্যমে দৌড়কে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তোলা এবং একটি সক্রিয় ও সংযুক্ত রানিং কমিউনিটি গড়ে তোলাই তাদের লক্ষ্য।

ইত্তেফাক/এনএন