খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২০:২৭

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। শনিবার (৩ অক্টোবর) বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম শামছুল আলম (৩৫)। তিনি ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা জীবিকার প্রয়োজনে চট্টগ্রামে থাকেন। শিশুটি গ্রামের বাড়িতে দাদা-দাদির সঙ্গে বসবাস করত। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা স্থানীয় বাজারে যান। এ সুযোগে প্রতিবেশী শামছুল আলম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শামছুল আলম তিন সন্তানের জনক।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শনিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শামছুল আলম গা-ঢাকা দিয়েছেন। রাতে তার বাড়িতে অভিযান চালানো হলে ঘরটি তালাবদ্ধ পাওয়া যায়।

ওসি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমএএম