কুমিল্লার লালমাই উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ অন্তত ৫০ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) কুমিল্লার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে মামলাটি দায়ের করেন লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবিদা সুলতানা মলি মামলার অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক।
মামলার অভিযোগে উল্লেখযোগ্য বাকি আসামিরা হলেন- লালমাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মজুমদার, ডা. মহিন উদ্দিন, ইকবাল হোসেন মজুমদার, আহ্বায়ক কমিটির সদস্য মানিক মিয়া, সৌরভ হোসেন, কামাল হোসেন, সেরাজুল হক ওরফে চারু, ছাত্রদল নেতা আল আমিন অয়ন ও রাজু আহমেদ।
মামলার অভিযোগে বলা হয়, লালমাই উপজেলা বিএনপির কার্যালয়টি দলটির উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে লালমাই উপজেলা যুবদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও প্রতীকী ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে যুবদল আহ্বায়কের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বাঁশের লাঠি, এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।
এরপর হামলাকারীরা বিএনপি কার্যালয়ের তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এসময় কার্যালয়ে থাকা বিভিন্ন পোস্টার-ব্যানার ও নেতাদের ছবি ভাঙচুর করে সেগুলো রাস্তায় এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে।
মামলার আসামি লালমাই উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদ জাবেদ সাংবাদিকদের বলেন, ঘটনার দিন দলের সিনিয়র নেতৃবৃন্দসহ আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করি। তখন পুলিশও ছিল। পরে কে বা কারা দলের কার্যালয়ে হামলা করেছে তা জানা নেই। হয়রানির উদ্দেশ্যে এ মামলাটি করা হয়েছে।
তবে মামলার বাদী মোহাম্মদ আলী মিয়াজী বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষী, সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে এ মামলা করা হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই কুমিল্লাকে আদেশ দিয়েছেন।
