সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ছেলে মারা যাএয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে মায়েরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ছেলে মারা যাওয়ার পর দুপুরে তার মরদেহ কবরস্থানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান মা। পরে একই কবরস্থানেব তাদের পাশাপাশি দাফন করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার (৫৯) মারা যান। তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনেরা শোকে ভেঙে পড়েন। পরে দুপুর ১টার দিকে সাইফুলের মরদেহ জানাজা ও দাফনের জন্য বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সোয়া একটার দিকে সাইফুলের মা তারা বানু (৯০) মারা যান। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরেই মায়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, বিষয়টি দুঃখজনক। মা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। ছেলের হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েন। এরপর তিনিও জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছেন। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে বেতুয়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
