রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২২:০০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট করার ঘটনায় নোয়াখালীর বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল।

এর আগে মঙ্গলবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হাসিবুল ইসলাম মারুফকে দলের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে কলেজ শাখার সভাপতির সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে,  গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে একটি পোস্ট করেন মারুফ। বিষয়টি  জানার পরদিন সোমবার তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এরপর মঙ্গলবার তার পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশের পর জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট করেন মারুফ। তার এই বক্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, ফেসবুকে ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় বিষয়ে জানার পর মারুফকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সে  কারণ দর্শানোর নোটিশের কোনো জবাব না দিয়ে  বরং এক ঘণ্টার মধ্যে ফেসবুকে ছাত্রদলকে নিয়ে অশালীন মন্তব্য করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে হাসিবুল ইসলাম মারুফ বলেন, ছাত্রদল একটি দালাল সংগঠন। এই সংগঠন আমাকে বহিষ্কার করলেও কী, না করলেও কী! আমি নিজেই এই সংগঠনে থাকতে চাই না।

ইত্তেফাক/এপি