আইসিইউর অভাবে শিশুমৃত্যু মানিয়া লওয়া যায় না

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৯

আইসিইউর অভাবে শিশুর মৃত্যু রাষ্ট্রীয় স্বাস্থ্যব্যবস্থার চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নহে। কেননা আইসিইউর অভাবে প্রতিদিন হামে আক্রান্ত ও শিশুমৃত্যু খবরের শিরোনাম হইতেছে। তাহার পরও আমাদের টনক নড়িতেছে না। হামের টিকার সংকট না থাকিলেও এখনো কেন প্রতিদিন শিশু হামে আক্রান্ত হইতেছে? আবার হামে আক্রান্ত হইলেও শিশু বিনা চিকিৎসায় বা অবহেলায় কেন মারা যাইবে? গতকাল ইত্তেফাকের এক খবরে বলা হইয়াছে যে, আইসিইউ খুঁজিতেই প্রাণ যায় শিশুর! আন্তর্জাতিক একটি গবেষণায় দেখা গিয়াছে, সম্প্রতি হামে প্রাণ হারানো ৭১ শতাংশ শিশুই শেষ মুহূর্তে পায় নাই এই আইসিইউ-সুবিধা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতালে পিআইসিইউ (শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র) না থাকাটা খুবই দুঃখজনক। তাহা হইলে গরিব পরিবারের শিশুরা কোথায় যাইবে? প্রাইভেট হাসপাতালের এই সংক্রান্ত সেবা গ্রহণ করা তো তাহাদের জন্য সাধ্যাতীত। শেষ মুহূর্তে নিবিড় পরিচর্যার জন্য রাজধানীতে আসা শিশুর ভাগ্যে এমন করুণ মৃত্যুর ঘটনা কি মানিয়া লওয়া যায়? কোনো বিবেকবান ও সংবেদনশীল মানুষের পক্ষে আমাদের বর্তমান স্বাস্থ্যব্যবস্থার এই দৈন্যদশা মানিয়া লওয়া কঠিন। ভাবা যায়, রাজধানীতে মাত্র তিনটি সরকারি হাসপাতালে পিআইসিইউ- সুবিধা রহিয়াছে! তাহা হইল—ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট। আবার পিআইসিইউ সেবা থাকা প্রতিষ্ঠানগুলিতে শয্যা রহিয়াছে সামান্যই। অর্থাৎ এই সুবিধাসংবলিত হাসপাতালের সংখ্যা যেমন বৃদ্ধি করিতে হইবে, তেমনি শয্যাসংখ্যাও বৃদ্ধি করিতে হইবে।

পরিসংখ্যান মতে, ঢাকা শহরের তিনটি সরকারি-আধাসরকারি হাসপাতালে মোট পিআইসিইউর শয্যাসংখ্যা মাত্র ৪৩টি। অন্যদিকে রাজধানী ঢাকায় বড় জেনারেল ও বিশেষায়িত হাসপাতাল রহিয়াছে ২৫টি। তাই এই সকল হাসপাতালে শিশুদের জন্য আইসিইউ-সুবিধা বৃদ্ধি করা একান্ত জরুরি। প্রসঙ্গত উল্লেখ্য যে, শিশু জন্মের পর ২৮ দিন বয়সি শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রকে বলা হয় নিওনেটাল ইনটেনসিভ কেয়ার বা এনআইসিইউ। আর এক মাস হইতে সাধারণত ১২ বৎসর বয়সি বা ৫০ কেজির কম ওজনের শিশুদের জন্য প্রয়োজন হয় পেড্রিয়াট্রিক আইসিইউ বা পিআইসিইউ। সমগ্র দেশে সরকারি-বেসরকারি আইসিইউ শয্যা রহিয়াছে ৩ হাজার। তাহার মধ্যে এনআইসিইউ রহিয়াছে ইহার প্রায় ২৫ এবং পিআইসিইউ রহিয়াছে ইহার মাত্র ৩ শতাংশ। তাহার অর্থ পূর্ণবয়স্কদের তুলনায় শিশুদের জন্য আইসিইউ-সুবিধা খুবই অপ্রতুল। শিশুদের কী অপরাধ তাহা আমরা বুঝিয়া উঠিতে পারিতেছি না বিধায় এই ক্ষেত্রে দৃষ্টিগ্রাহ্য উন্নতি প্রয়োজন।

বর্তমান সময়ে আমাদের সমাজ-জীবনে স্বাস্থ্যসেবার বেহাল এবং চিকিৎসা ব্যবস্থার বিপর্যয় এমন এক পর্যায়ে উপনীত হইয়াছে যে, সাধারণ মানুষের বাঁচিয়া থাকিবার মৌলিক অধিকারটুকুও আজ মারাত্মক হুমকির সম্মুখীন। সেইখানে শিশুদের কথা আমরা বেমালুম ভুলিয়া বসিয়া রহিয়াছি। শিশুদের উপযোগী কোনো পিআইসিইউ না থাকায় এবং অন্যত্র চিকিৎসা চালাইবার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য না থাকায় অনেক অবুঝ শিশু অ্যাম্বুলেন্সেই মারা যাইতেছে! তাহাদের এই করুণ মৃত্যু কেবল একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা নহে, বরং ইহা আমাদের দেশের চিকিৎসাব্যবস্থার কাঠামোগত দুর্বলতা ও চরম উদাসীনতার এক জীবন্ত দলিল। অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ হইতে বিভাগীয় শহরে নূতন শিশু হাসপাতাল স্থাপন এবং শয্যাসংখ্যা বৃদ্ধির উদ্যোগের কথা বলা হইয়াছে; কিন্তু প্রশ্ন জাগে, এই দীর্ঘসূত্রতা ও অপরিকল্পনার বলি হইয়া আর কতটি তাজা প্রাণ অকালে ঝরিয়া পড়িবে? শুধু রাজধানীকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা এবং জেলা বা বিভাগীয় পর্যায়ে আধুনিক শিশু চিকিৎসাসেবার অভাব পরিস্থিতিকে দিনদিন আরো জটিল করিয়া তুলিতেছে। অতএব, কেবল আশ্বাস বা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াইলে চলিবে না; অবিলম্বে দেশের প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে মানসম্মত পিআইসিইউ ও এনআইসিইউ শয্যা নিশ্চিত করিতে হইবে। ইহার পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য জরুরি চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনা মূল্যে বা স্বল্পমূল্যে প্রাপ্তির কার্যকর ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়।

ইত্তেফাক/এনএন