জলবায়ু সুবিচার কত দূর?

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৯

চলতি শতাব্দীর শুরু হইতেই বিশেষ করিয়া গ্লোবাল সাউথের দেশগুলি বিশ্বনেতাদের নিকট জলবায়ু সুবিচারের দাবি জানাইয়া আসিতেছে। তাহাদের দাবি, জলবায়ু পরিবর্তনের জন্য যাহারা সবচাইতে কম দায়ী, তাহারাই অধিক ক্ষতিগ্রস্ত হইতেছে। অথচ এই ক্ষতি মোকাবিলার সক্ষমতা তাহাদেরই সবচাইতে কম। আপাতদৃষ্টিতে ছোট মনে হইলেও ‘জলবায়ু সুবিচার'—এই দুই শব্দের দাবি বাস্তবে অত্যন্ত জটিল। প্রতি বৎসর একই দাবি লইয়া ভুক্তভোগী দেশগুলি বিশ্বমঞ্চে হাজির হয়। নেতারা আশ্বাস দেন, প্রতিশ্রুতি দেন; কিন্তু বাস্তবে আসে না প্রত্যাশিত পরিবর্তন। তবে যুগের পর যুগ এই দাবি ঝুলিয়া থাকিবার পরও উন্নয়নশীল দেশগুলি আশা ছাড়ে নাই। বরং নূতন করিয়া দাবি আদায়ের লড়াই চালাইয়া যাইতেছে। ইহারই ধারাবাহিকতায় তাহারা সমবেত হইয়াছে তুরস্কের আন্তালিয়ায়, যেইখানে বসিয়াছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ- ৩১। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশগ্রহণ করিয়াছেন; সঙ্গে রহিয়াছে জলবায়ু সুবিচার, অর্থায়ন ও ক্ষতিপূরণসহ বাংলাদেশের ন্যায়সংগত দাবিগুলি বিশ্বমঞ্চে তুলিয়া ধরিবার প্রত্যাশা।

প্রকৃতির আশীর্বাদ জলবায়ু এখন বিশ্বের জন্য বড় সংকট। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করিতেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের সিদ্ধান্ত কোটি মানুষের জীবন-মৃত্যুর প্রশ্নের সহিত জড়িত। অথচ এত সতর্কবার্তার পরও কার্যকর পদক্ষেপ গ্রহণে তাহাদের অনীহা স্পষ্ট। এই নিষ্ক্রিয়তা বিশ্ববাসীর উদ্বেগ আরো বাড়াইয়া তুলিতেছে। সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের পরিবেশকর্মীরা দীর্ঘদিন ধরিয়াই বিশ্বনেতাদের এই ব্যর্থতার সমালোচনা করিয়া আসিতেছেন; তাহাদের বক্তব্য, সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করিলে ভয়াবহ পরিণতি এড়ানো যাইবে না। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতও ক্রমেই স্পষ্টতর হইয়া উঠিতেছে। সাম্প্রতিক বৎসরগুলিতে নেপালে আকস্মিক বন্যা, ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও দাবানলের ন্যায় ঘটনা বিশ্বকে নূতন করিয়া ভাবাইয়া তুলিয়াছে। ইহার মধ্যেই আবহাওয়াবিদরা সতর্ক করিয়াছেন, এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনে বড় মাত্রায় পরিবর্তন আসিতে পারে; বাড়িতে পারে চরম আবহাওয়ার ঝুঁকিও। এমন পূর্বাভাস বাংলাদেশের ন্যায় জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলির জন্য বিশেষ উদ্বেগের। এইরূপ বাস্তবতায় জলবায়ুর অভিঘাত মোকাবিলা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে আমাদের প্রত্যাশা কতটুকু পূরণ হইবে, সেই প্রশ্ন থাকিয়াই যায়।

জলবায়ু পরিবর্তন লইয়া আলোচনা কম হয় নাই; অসংখ্য সম্মেলন, সেমিনার ও গবেষণা হইয়াছে। আমরাও এই সম্পাদকীয় পাতায় বারবার সতর্ক করিয়া বলিয়াছি, আমাদের পৃথিবী একটিই; মানুষের বসবাসের জন্য দ্বিতীয় কোনো প্লানেট বা গ্রহ নাই। সুতরাং, ইহাকে বাসযোগ্য রাখিবার বিকল্পও নাই। বিশ্বের বিভিন্ন প্রান্ত হইতে এমন আহ্বান উঠিলেও কার্যকর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তাহার প্রতিফলন সামান্যই। বিশ্বনেতারা যুদ্ধবিগ্রহ ও সংঘাত মোকাবিলায় যতটা সময়, মেধা ও অর্থ ব্যয় করেন, জলবায়ু সংকটের প্রতি তাহার সামান্য অংশও ব্যয় করিলে পরিস্থিতির অনেক উন্নতি হইত। অথচ সংকটের ভয়াবহতা জানা সত্ত্বেও দায়িত্বশীল দেশগুলির মধ্যে প্রয়োজনীয় তৎপরতা দেখা যায় না। এইদিকে ক্ষতিগ্রস্ত দেশগুলিও দাবি আদায়ের লড়াই হইতে সরিয়া আসে নাই। এমতাবস্থায় পরিস্থিতির কতটা পরিবর্তন আসিবে, তাহা নির্ভর করিতেছে বিশ্বনেতাদের সদিচ্ছা ও বাস্তব পদক্ষেপের ওপর।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এইখানকার মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতি ক্রমেই জলবায়ুর অভিঘাতের মুখে পড়িতেছে। কোথাও মাটির উর্বরতা কমিতেছে, কোথাও বাড়িতেছে লবণাক্ততা। ইহার সহিত পাল্লা দিয়া বাড়িতেছে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। অথচ বৈশ্বিক উষ্ণায়নের জন্য বাংলাদেশের দায় নগণ্য। একদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত, অন্যদিকে তাহা মোকাবিলার সীমিত সক্ষমতা—এই দুই সংকটের চাপে রহিয়াছে বাংলাদেশ। অনুরূপ পরিস্থিতিতে রহিয়াছে আরো অনেক উন্নয়নশীল দেশ। আবার, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যেমন বাড়িতেছে; তেমনি বাড়িতেছে দারিদ্র, জীবিকা হারানোর ঝুঁকি এবং প্রাণহানি। এই বাস্তবতা বিশ্বনেতারা আর কত দিন উপেক্ষা করিবেন? জলবায়ু সংকটের জন্য যাহাদের দায় সব চাইতে অধিক, ক্ষতিগ্রস্ত দেশগুলির পাশে দাঁড়াইবার দায়িত্বও কি তাহাদের অধিক নহে? সুতরাং শুধু প্রতিশ্রুতি নহে, প্রয়োজন কার্যকর এবং সময়োপযোগী উদ্যোগ। জলবায়ু সুবিচারের দীর্ঘদিনের দাবি এইভাবে আশ্বাসের বৃত্তে আটকাইয়া থাকা কোনোভাবেই কাম্য নহে।

ইত্তেফাক/এনএন