পারস্পরিক সহযোগিতা ও সংলাপের মঞ্চ হোক জাতিসংঘ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:০০

২৪ অক্টোবর, বিশ্ব জুড়ে পালিত হয়েছে ‘জাতিসংঘ দিবস' (United Nations Day)। ১৯৪৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে বিশ্ব সংস্থার সনদ কার্যকরের মাধ্যমে জন্ম নিয়েছিল। জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডবলীলা ও ধ্বংসস্তূপের মধ্য থেকে বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠা, আন্তঃরাষ্ট্রীয় সম্প্রীতি ও মানবাধিকার রক্ষার মহান বার্তা নিয়ে এই বৈশ্বিক প্ল্যাটফরমটির সূচনা ঘটেছিল।

বিশ্ব দুটি 'বিশ্বযুদ্ধ' দেখেছে। প্রথমটি ১৯১৪ থেকে ১৯১৯ মেয়াদে। দ্বিতীয়টি ১৯৩৯ থেকে ১৯৪৫ সালে। বিশ্বের উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো যুদ্ধের ঘোষিত সক্রিয় অংশীদার হলে আমরা বলি বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষকালে ‘বিজয়ী রাষ্ট্রগুলোর' উদ্যোগে গঠিত হয় জাতিসংঘ— একটি 'যৌথ সমঝোতা পত্রে'র দলিল। পরে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্রসহ সংখ্যাগরিষ্ঠ স্বাক্ষরকারী দেশের অনুমোদনের পর ‘জাতিসংঘ সনদে আনুষ্ঠানিকভাবে প্রাণ সঞ্চারিত হয়। ১৯৪৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৪ অক্টোবরকে 'জাতিসংঘ দিবস' হিসেবে ঘোষণা করে এবং ১৯৭১ সালে এটি আন্তর্জাতিক উদযাপনী দিবস হিসেবে স্বীকৃতি পায়।

মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা রাষ্ট্র। জাতিসংঘ সনদ ও 'ঘোষণা' এ দেশেই, দুই শহরে, স্বাক্ষরিত হয়েছে। কিন্তু এ দেশটিই জাতিসংঘ প্রতিষ্ঠার পর অন্তত ৩০টি দেশে সরাসরি বিমান হামলা বা বোমাবর্ষণ করেছে। উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া, গ্রেনাডা, পানামা (১৯৮৯), ইরাক, আফগানিস্তান এবং হালে ইরান হলো সামরিক আগ্রাসনের শিকার দেশগুলোর উল্লেখযোগ্য নাম। মার্কিন বিমান হামলা ও বোমাবর্ষণের শিকার হওয়া রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে চীন, গুয়াতেমালা, কিউবা, কঙ্গো, লেবানন, লিবিয়া, সুদান, ইয়েমেন, সোমালিয়া ও পাকিস্তান, সিরিয়া ও ইরান। যুক্তরাজ্যের রেকর্ডে আছে ৪৭ দেশে সামরিক হস্তক্ষেপ ও আগ্রাসনের হিসাব। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন আগ্রাসন চালায় ৩ দেশে : হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া ও আফগানিস্তান। চীনের রেকর্ডে তিব্বতে আগ্রাসন ও চীনের মধ্যে তিব্বতকে অন্তর্ভুক্তির ইতিহাস উল্লেখযোগ্য। এর বাইরে দেশটি কোরিয়া যুদ্ধে উত্তর কোরিয়ার পক্ষাবলম্বন করেছে এবং ভারত, ভিয়েতনাম ও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে 'যুদ্ধ' করেছে। ফ্রান্স এ সময়ে ৩০টির বেশি দেশে সরাসরি সামরিক আগ্রাসন, ঔপনিবেশিক যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপ করেছে। ২০২৬ সালের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ উত্তর ভেনিজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটিতে সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা (অপারেশন অ্যাবসলিউট রিজলভ) চালায়। হামলায় তারা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে
যায়।

বিশ্বব্যাপী তাই প্রশ্ন উঠেছে তীব্র আকারে—এই জাতিসংঘের কী দরকার? বিশ্বে শান্তি রক্ষা নিশ্চিত করতে গড়া হয়েছিল এই প্রতিষ্ঠানটিকে। যারা এই প্রতিষ্ঠানটি গড়ায় উদ্যোগী হয়েছিল, তারাই বাহ্যত এবং স্পষ্টত বিশ্বশান্তি ও নিরাপত্তার হুমকি হয়েছে, সেই ১৯৪৫ থেকেই। জাতিসংঘের ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচটি রাষ্ট্রই বিশ্বের নানা দেশে আগ্রাসন চালিয়েছে, হামলা করেছে গায়ের জোরে। দেশগুলোর ভেটো ক্ষমতা থাকায় জাতিসংঘ তাতে বাধা দিতে পারেনি। চলমান ইরানের ওপর চালানো মার্কিন আগ্রাসনে এ চিত্র আরো প্রকট হয়েছে। একই বাস্তবতা ইউক্রেনে রুশ হামলা ও আগ্রাসনের বেলায় বিশ্ববাসী দেখছে।
তার পরও নানাবিধ সীমাবদ্ধতা-দুর্বলতা সত্ত্বেও জাতিসংঘ নামের এই বিশ্বসমিতির দরকার আছে, মূল্য আছে। জাতিসংঘের মতো একটি বিশ্বসমিতি আছে বলেই ডক্টর পেজেশকিয়ান ‘মাথা উঁচু রেখে’, ‘জায়োনো-মার্কিন আগ্রাসনের’ বিরুদ্ধে নিন্দা-ঘৃণা জানিয়ে মার্কিন ভূমি থেকে পারস্য ভূমিতে ফিরে যেতে পেরেছেন। মাত্র দুই শতাব্দী আগের বিশ্বেও এটা অভাবনীয় ছিল। এ ছাড়া বর্তমানে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত ও সচিবালয়ের মতো প্রধান অঙ্গসংস্থাগুলোর পাশাপাশি ইউনিসেফ (UNICEF), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনেসকো (UNESCO) ও ইউএনডিপির (UNDP) মতো বিশেষায়িত সংস্থা বিশ্ব জুড়ে সক্রিয় ভূমিকা রাখছে।

এই ক্ষণে দাঁড়িয়ে বিশ্ব জুড়ে দেখা দিয়েছে বহুমুখী চ্যালেঞ্জ। ইউক্রেন-রাশিয়া সংঘাত, মধ্যপ্রাচ্যের দীর্ঘায়িত সংকট, শরণার্থী সমস্যা, খাদ্যসংকট এবং বিশ্বব্যাপী চরম জলবায়ু পরিবর্তনের প্রভাব বহুপাক্ষিক কূটনীতির ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। জলবায়ুসংকট মোকাবিলায় জাতিসংঘ ঘোষিত “ এসডিজি ২০৩০' (Sustainable Development Goals) বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার ব্যবধান কমানো এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রেক্ষাপটে একক কোনো দেশের পক্ষে বিশ্ব সমস্যা সমাধান করা সম্ভব নয়; তাই জাতিসংঘের ছায়াতলে সমন্বিত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।

জাতিসংঘের বিশেষ গুরুত্ব রয়েছে বাংলাদেশের কাছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (UN Peacekeeping) বাংলাদেশ অন্যতম শীর্ষ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতময় এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীরা সাহসিকতা, নিষ্ঠা ও মানবিকতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ প্রতিষ্ঠার আট দশক ছুইছুই মুহূর্তে সংস্থাটির কাঠামো – বিশেষ করে 'নিরাপত্তা পরিষদ' সংস্কারের দাবি জোরালো হচ্ছে। পরিবর্তনশীল ভূরাজনীতি ও উদীয়মান অর্থনৈতিক শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদের ক্ষমতা প্রসার ও আধুনিকায়নের তাগিদ দিচ্ছেন অনেক বিশ্বনেতা। এবার জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের মূল সুরটি ছিল সংস্কার ঘিরে। নিরাপত্তা পরিষদ সংস্কার অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল। এটি নতুন কোনো দাবি নয়; নেহরু থেকে নক্রুমা, নিয়েরেরে থেকে ম্যান্ডেলা—সবাই এই দাবি তুলে গেছেন। তবে এটি এখন নতুন ও তীব্র রূপ ধারণ করেছে। কারণ, বৈশ্বিক ক্ষমতার হিসাব-নিকাশ এখন বৈশ্বিক শাসনব্যবস্থার হিসাবের সঙ্গে আর মিলছে না।

১৪০ কোটির বেশি মানুষের বসতি নিয়ে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় জনবহুল মহাদেশ এবং খুব দ্রুতই এটি পৃথিবীর সর্ববৃহৎ কর্মক্ষম জনসংখ্যার অধিকারী হতে চলেছে। তার কোনো স্থায়ী সদস্য পদ নেই। একইভাবে বাদ পড়ে আছে ৬৫ কোটি মানুষের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল। মধ্যপ্রাচ্যেরও কোনো স্থায়ী কণ্ঠস্বর নেই। নিরাপত্তা পরিষদ আজও ১৯৪৫ সালের কাঠামোতেই অবরুদ্ধ হয়ে আছে। পরিষদটি আসলে কী, তা মনে রাখা প্রয়োজন। ১৫টি দেশ সেই টেবিলে বসে। পাঁচটি দেশ স্থায়ী আসন ও ভেটো ক্ষমতার অধিকারী। বাকি ১০টি অস্থায়ী সদস্যদেশ অঞ্চলভিত্তিক বিন্যাসের মাধ্যমে দুই বছরের মেয়াদে সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত হয়, যাদের কোনো সিদ্ধান্ত ঠেকানোর মতো কোনো ক্ষমতা নেই।

জাতিসংঘের সংস্কারের দাবিটি তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটি হলো জনমিতি। দ্বিতীয়টি হলো সমতা। পরিষদের সিদ্ধান্তগুলো প্রতিটি সদস্যদেশের জন্য বাধ্যতামূলক। অথচ বিপুলসংখ্যক সদস্যের এই সিদ্ধান্তগুলো তৈরিতে কোনো স্থায়ী কণ্ঠস্বর নেই। মানবতার ও উৎপাদনের সংকুচিত অংশীদারত্ব ধারণ করে এমন পাঁচটি দেশ কেন সবার হয়ে সিদ্ধান্ত নেবে? বিশ্বের বড় পরাশক্তিগুলো নিজেদের মতো চলতে থাকায় তাদের কাছে সাধারণ পরিষদের গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা বজায় রাখাই হয়তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্বীকার করেছেন, জাতিসংঘ বড় ধরনের সংকটে পড়েছে। এর একটি হচ্ছে আর্থিক।

চলমান বড় সংঘাতগুলো নিরসনহীন বলেই মনে হচ্ছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করতে পারছে। এমন পরিস্থিতিতে সাধারণ পরিষদের সদস্যদেশগুলো এই মঞ্চে জবাবদিহি নিশ্চিত করতে নতুন কোনো ব্যবস্থা তৈরি এবং তাদের উদ্বেগের কথাগুলো তুলে ধরতে নতুন একজন মহাসচিব খুঁজছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জাতিসংঘ বিষয়ক প্রধান ড্যানিয়েল ফোর্টি বলেছেন, বিশ্বনেতাদের বেশির ভাগই মনে করেন না, সাধারণ পরিষদ খুব ভালো অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও অনেকে এখনো এই মঞ্চের শক্তিকে উপলব্ধি করতে পারেন। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম আট মাসে ইউক্রেনে বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার মোট সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ২০২৬ সালের জানুয়ারি-আগস্টে ২ হাজার ২২২ জন নিহত এবং ১৩ হাজার ৫৮ জন আহত হন। এমনকি ন্যাটো জোটভুক্ত দেশগুলোও এখন সংঘাত তাদের দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছে। এত সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, একটি যুদ্ধমুক্ত, নিরাপদ এবং উন্নত পৃথিবী গড়ার সবচেয়ে বড় বৈশ্বিক মঞ্চ হিসেবে জাতিসংঘের বিকল্প আজও গড়ে ওঠেনি। তবুও আশা, পারস্পরিক সহযোগিতা ও সংলাপের মাধ্যমে একটি শান্তিময় ও বসবাসযোগ্য পৃথিবী গড়ে যেন গড়ে ওঠে।

লেখক : ফিকামলি তত্ত্বের জনক; বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক

ইত্তেফাক/এনএন

এ সম্পর্কিত আরও পড়ুন