ট্রাম্প যোগসূত্রে বড় বিপাকে ইনফান্তিনো

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এবার তার জন্য বড় রাজনৈতিক ও আইনি চাপ তৈরি করতে পারে। ফিফার অর্থ ব্যবস্থাপনা, ব্যক্তিগত গৃহকর্মীর কর্মানুমতি এবং ট্রাম্প পরিবারের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তার বিরুদ্ধে তদন্তের পরিধি বাড়ছে। আগামী জানুয়ারিতে তাকে সমন পাঠিয়ে সাক্ষ্য ও প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হতে পারে। 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জয়ের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দলটি। এতে তদন্ত আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিনিধি পরিষদের বিচার বিভাগবিষয়ক কমিটির সদস্য জেমি রাসকিন নতুন কংগ্রেসে চেয়ারম্যানের দায়িত্ব পেতে পারেন। সেক্ষেত্রে তদন্ত পরিচালনা ও সমন জারির ক্ষমতা তার হাতে আরও বাড়বে।

গত জুলাইয়ে শুরু হওয়া তদন্তে রাসকিন অভিযোগ করেন, ট্রাম্প ও তার পরিবারের সঙ্গে সম্পর্ক জোরদারে ফিফা ধারাবাহিকভাবে কাজ করেছে। ২৬ জুলাই ইনফান্তিনোকে পাঠানো চিঠিতে ট্রাম্প প্রশাসন এবং পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ফিফার যোগাযোগের নথি চান তিনি। 

তবে তদন্ত কমিটির দাবি, ফিফার দেওয়া তথ্য অপর্যাপ্ত। গত সেপ্টেম্বরে সংস্থাটির সহযোগিতাকে 'অত্যন্ত অপর্যাপ্ত' বলেও সমালোচনা করে কমিটি। তদন্তে নতুন করে গুরুত্ব পেয়েছে ইনফান্তিনোর মিয়ামির বাড়িতে কর্মরত এক অভিবাসী গৃহকর্মীর ঘটনা। দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ঐ গৃহকর্মীর যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিশ্চিত করতে ঘনিষ্ঠ সহযোগী কার্লোস কর্দেইরোর সহায়তা চেয়েছিলেন ইনফান্তিনো।

তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ট্রাম্প পরিবারের সঙ্গে ফিফার বাণিজ্যিক যোগাযোগ। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। এ উদ্যোগে সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে যুক্ত ছিল জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠান গ্রাইভ ইটারনাল। জ্যারেড কুশনার ট্রাম্পের জামাতা। দ্য টেলিগ্রাফকে দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারিতে কুশনার পরিবারের সদস্যদেরও সাক্ষ্য দিতে ডাকা হতে পারে ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। 

বিশ্বকাপ চলাকালে ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কার দেন ইনফান্তিনো। পরে ট্রাম্প জাতিসংঘের মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নামও উল্লেখ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ট্রাম্প নিজেই ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছিলেন। এতে ফুটবলের সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাবের প্রশ্ন ওঠে এবং ইনফান্তিনোর পদত্যাগের দাবিও সামনে আসে।

ইত্তেফাক/জেডএইচ