সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪০

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। পাঁচ দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের ডাকা কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

সমগ্র সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারা জানিয়েছেন, সর্বস্তরের পরিবহন শ্রমিকরা এই ধর্মঘটে অংশ নেবেন এবং এর আগে দাবিগুলোর বিষয়ে কোনো ফলপ্রসূ সমাধান হলে তা পরবর্তী সিদ্ধান্তের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১২ নভেম্বর রাতে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের সভাপতি শেখ ইমরান হোসেন ঝুনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক জরুরি সভায় সমন্বয় পরিষদের তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতি একাত্মতা জানানো হয়। এরপর এই কর্মবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়।

অটোরিকশা মালিক-শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ, পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা, অবৈধ ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা এবং ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধসহ ট্রাফিক বিভাগের দুর্নীতি রোধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন ও বিআরটিএ সিলেটের হয়রানি বন্ধ করা।

ইত্তেফাক/এসএইচ