কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশেষ উদ্ভাবনী অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা অর্জন করেছেন রাজশাহীর তরুণ প্রযুক্তি উদ্যোক্তা মো. নাহিদ আলম। ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট রাইজিং স্টার এআই ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬’ বিভাগে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন নাহিদ আলম।
জানা গেছে, নাহিদ আলমের প্রতিষ্ঠিত অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ হলো LexGlobal BD। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জন্য আইনি তথ্য ও সেবা আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি। প্রযুক্তির মাধ্যমে আইনি তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং দেশের ডিজিটাল আইনি সেবার বিকাশে অনন্য অবদান রাখায় তাঁকে জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করে নাহিদ আলম বলেন, যেকোনো কাজের জাতীয় স্বীকৃতি সব সময়ই আনন্দের এবং তা দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। বর্তমান বিশ্বে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষের দোরগোড়ায় প্রযুক্তিনির্ভর আইনি সেবা পৌঁছে দেওয়ার স্বপ্ন থেকেই আমার এই পথচলা। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও নতুন ও জনকল্যাণমুখী উদ্ভাবনে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, এর আগে গত অক্টোবরে এই বিভাগে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর থেকেই রাজশাহীসহ দেশের প্রযুক্তি অঙ্গনে নাহিদ আলমকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অবশেষে চূড়ান্ত বিজয়ী হিসেবে সম্মাননা অর্জনের মাধ্যমে তিনি তাঁর শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা পূরণ করলেন।
